যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ PM ৫২
যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

ছবি: কাভান সুলিভান

বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী ফুটবলার কাভান সুলিভান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছেন। কোচ মৌরিসিও পচেত্তিনো সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোর চারটি প্রীতি ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন।

ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলা কাভানের জন্য এটি সিনিয়র জাতীয় দলের প্রথম ডাক। ঘোষিত দলে ১৩ জন খেলোয়াড়ের এখনো যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। স্কোয়াডটির গড় বয়স ২২ বছর ৯ মাস।

চলতি মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নিয়মিতই খেলছেন কাভান। ২৩ ম্যাচে তাঁর গোল ছয়টি এবং অ্যাসিস্ট ১১টি। তাঁর এই পারফরম্যান্সও জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সুলিভান পরিবারের সঙ্গে বাংলাদেশের যোগসূত্রও রয়েছে। কাভানের বড় ভাই কুইন সুলিভান ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলেছেন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। পরিবারের অন্য দুই সদস্য রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। রোনান এর আগে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন।

খুব অল্প বয়সেই পেশাদার ফুটবলে নিজের জায়গা তৈরি করেন কাভান। ২০২৪ সালে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে চুক্তির সময় তিনি লিগটির ইতিহাসে সবচেয়ে বেশি মূল্যের স্থানীয় খেলোয়াড় হিসেবে আলোচনায় আসেন। মাত্র ১৪ বছর বয়সে মেজর লিগ সকারে অভিষেকও হয় তাঁর।

যুক্তরাষ্ট্রের নতুন স্কোয়াডে কাভানসহ বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় সুযোগ পেয়েছেন। বিশ্বকাপ-পরবর্তী সময়ে জাতীয় দল পুনর্গঠনের অংশ হিসেবেই এই দল ঘোষণা করা হয়েছে।

সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। এসব ম্যাচে মাঠে নামার সুযোগ পেলে কাভান সুলিভানের সিনিয়র আন্তর্জাতিক অভিষেক হবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!