যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

সিঙ্গাপুরকে শুটআউটে হারিয়ে এশিয়ান গেমসে নবম বাংলাদেশ

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ PM ৪৯
সিঙ্গাপুরকে শুটআউটে হারিয়ে এশিয়ান গেমসে নবম বাংলাদেশ

ছবি: সংগৃহীত

জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে নারী হকিতে নিজেদের প্রথম অংশগ্রহণেই নবম স্থান অর্জন করেছে বাংলাদেশ। শুক্রবার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে নবম স্থান নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ সমতার পর পেনাল্টি শুটআউটে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের দল।

শুরু থেকেই ম্যাচে আক্রমণাত্মক ফুটহকি খেলতে থাকে দুই দল। তবে প্রথম সাফল্য আসে বাংলাদেশের কাছ থেকে। ম্যাচের ১০ মিনিটে ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। তাঁর গোলে প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের ১-০ ব্যবধানের লিডে।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা জোরদার করে সিঙ্গাপুর। ৪২ মিনিটে ফাউলের কারণে হলুদ কার্ড পান বাংলাদেশের ডিফেন্ডার লিমা আক্তার। সাময়িকভাবে মাঠের বাইরে থাকায় তখন ১০ জন নিয়ে খেলতে হয় বাংলাদেশকে।

এই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত সমতায় ফেরে সিঙ্গাপুর। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার আদায় করে নেয় তারা। সেখান থেকে সফল হিটে বাংলাদেশের জালে বল পাঠিয়ে ম্যাচ ১-১ করেন তৌ লি মিন।

বাকি সময়ে আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচের নিষ্পত্তি করতে হয় পেনাল্টি শুটআউটে। সেখানে বাংলাদেশের খেলোয়াড়েরা চাপ সামলে ২-১ ব্যবধানে জয় তুলে নেন।

এই জয়ের মধ্য দিয়ে এশিয়ান গেমসে অভিষেকেই নবম স্থান নিয়ে প্রতিযোগিতা শেষ করল বাংলাদেশ নারী হকি দল।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!