যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

ফিফার কাছে ৪২ প্রশ্ন, জবাব চায় উয়েফা

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০২:২১ PM ২৩
ফিফার কাছে ৪২ প্রশ্ন, জবাব চায় উয়েফা

জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

ফিফার একাধিক সিদ্ধান্ত ও আর্থিক পরিকল্পনা নিয়ে ব্যাখ্যা চেয়ে ৪২টি প্রশ্ন পাঠিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। খেলোয়াড় ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত, ডোনাল্ড ট্রাম্পকে ফিফার শান্তি পুরস্কার দেওয়া এবং বাতিল হওয়া ৪২০ কোটি ডলারের এফএফই পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে লিখিত জবাব ও সংশ্লিষ্ট নথি আগামী ২ নভেম্বরের মধ্যে দিতে বলেছে সংস্থাটি।

উয়েফার সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিদিস ১৯ অক্টোবর ফিফার সাধারণ সম্পাদক ম্যাথিয়াস গ্রাফস্ট্রমকে এ বিষয়ে চিঠি পাঠান। সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক চিঠিটির বিষয়বস্তু প্রকাশ করেছে। এর আগে ১৫ অক্টোবর জুরিখে ফিফা কাউন্সিলের বৈঠকে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সদস্যদের লিখিত প্রশ্ন জমা দিতে বলেন এবং ডিসেম্বরে পরবর্তী সভায় উত্তর দেওয়ার আশ্বাস দেন। তবে উয়েফার বক্তব্য, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাখ্যা পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয়।

বালোগানের লাল কার্ডের শাস্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েও বিস্তারিত জানতে চেয়েছে উয়েফা। যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে খেলতে পেরেছিলেন। ওই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। শাস্তি তুলে নেওয়ার সিদ্ধান্তে ট্রাম্পের কোনো ভূমিকা ছিল কি না, তা জানতে চাওয়ার পাশাপাশি সিদ্ধান্তটির পূর্ণাঙ্গ লিখিত ব্যাখ্যা প্রকাশের দাবি জানিয়েছে ইউরোপীয় সংস্থাটি।

ফিফার শান্তি পুরস্কার ট্রাম্পকে দেওয়ার প্রক্রিয়াও উয়েফার প্রশ্নের তালিকায় রয়েছে। পুরস্কার চালুর ক্ষেত্রে ইনফান্তিনোর ভূমিকা, ট্রাম্পকে নির্বাচনের পদ্ধতি এবং সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতা ও নিরপেক্ষ মানদণ্ড অনুসরণ করা হয়েছিল কি না—এসব বিষয়ে নথি চেয়েছে তারা।

এ ছাড়া ফিফার বাণিজ্যিক কার্যক্রমের ২০ শতাংশ অংশীদারত্ব ৪২০ কোটি ডলারে বিক্রির প্রস্তাব, অর্থাৎ ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) পরিকল্পনা নিয়েও জবাবদিহি চাওয়া হয়েছে। শেষ পর্যন্ত বাতিল হওয়া এই উদ্যোগের বিষয়ে ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের সভায় ইনফান্তিনো গোপনীয়তা বজায় রাখার ঘটনায় ক্ষমা চান। তবে পরিকল্পনাটি কীভাবে তৈরি হয়েছিল এবং কেন নেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও ফুটবল প্রশাসনে মতভেদ রয়েছে। উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন, কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানিসহ কয়েকজন কর্মকর্তা তাঁর পদত্যাগ দাবি করেছেন। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফিফার ভাইস প্রেসিডেন্ট ডেবি হিউইটও একই অবস্থান জানিয়েছেন। অন্যদিকে ফিফার ২১১ সদস্য সংস্থার অনেকেই ইনফান্তিনোকে সমর্থন করছেন।

আগামী সভাপতি নির্বাচনে এখন পর্যন্ত প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইনফান্তিনো। প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর। বিশ্বকাপে তারকা ও অন্যান্য অতিথিদের বিশেষ আতিথেয়তা কক্ষে থাকার ব্যবস্থা এবং এসব সুবিধা বিনা মূল্যে দেওয়া হয়েছিল কি না, সে বিষয়েও উয়েফা ফিফার কাছে ব্যাখ্যা চেয়েছে।

 

ফিফা উয়েফা জিয়ান্নি ইনফান্তিনো

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!