যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

পুশইন ও চোরাচালান ঠেকাতে কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিজিবির প্রচার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৪:০১ PM ১১২
পুশইন ও চোরাচালান ঠেকাতে কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিজিবির প্রচার

ছবি: সংগৃহীত

পুশইন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং চোরাচালান ঠেকাতে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে জনসচেতনতামূলক কার্যক্রম বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় মাইকিং, আলোচনা সভা ও সচেতনতামূলক সমাবেশ করছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন।

বিজিবি জানিয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে সীমান্ত এলাকার বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত পারাপার না করার বিষয়ে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে সীমান্ত পার হতে সহায়তা না করার জন্যও স্থানীয়দের বলা হচ্ছে।

সীমান্তে সন্দেহজনক ব্যক্তি বা দলের চলাচল, পরিচয় গোপন করে কারও অবস্থান কিংবা ভারত থেকে কাউকে পুশইনের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবি ক্যাম্প বা টহল দলকে জানানোর জন্য মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।

এ ছাড়া সীমান্ত এলাকায় অপ্রয়োজনে ঘোরাফেরা না করা, অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিকে বাড়িতে আশ্রয় না দেওয়া এবং মাদক, অস্ত্র, মানবপাচার ও চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর তৎপরতার পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ। এ কারণে সীমান্তে সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড দেখা গেলে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ পারাপার বন্ধের পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে গোয়েন্দা তৎপরতা, নজরদারি এবং বিশেষ অভিযান চালু রয়েছে। পরিস্থিতি অনুযায়ী এসব কার্যক্রম আরও বাড়ানো হবে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, মঙ্গলবার থেকে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তের মানুষকে সচেতন করতে আলোচনা সভা ও মাইকিং করা হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবেই করা হয় এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!