যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার, তবু শিল্পকলায় এনসিপির অনুষ্ঠান হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৪:২২ PM | সর্বশেষ আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০৪:২৩ PM ৯৫
কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার, তবু শিল্পকলায় এনসিপির অনুষ্ঠান হচ্ছে না

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা কমলেও জেলা শিল্পকলা একাডেমিতে দলটির নির্ধারিত অনুষ্ঠান হচ্ছে না। হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করায় কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছে। অন্যদিকে জেলা প্রশাসন জানিয়েছে, শিল্পকলা একাডেমিতে রাজনৈতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া যায় না।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে সংসদে দেওয়া হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদে শুক্রবার গভীর রাতে বিক্ষোভ করেন কওমি মাদরাসার শিক্ষার্থীরা। তখন বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেওয়া হয়েছিল।

এরপর শনিবার দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে তার ভুল বোঝাবুঝি হয়েছে। একই সঙ্গে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের কর্মসূচি বাতিল করে। সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করায় তারা পূর্বনির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করেছেন। এনসিপির কর্মসূচিতেও তাদের কোনো বাধা থাকবে না বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার বিকেল ৪টায় এনসিপির জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা ছিল।

তবে জেলা প্রশাসনের ভাষ্য, এনসিপি সেখানে ঘরোয়া অনুষ্ঠান আয়োজনের কথা জানিয়েছিল। পরে অনুষ্ঠানটি রাজনৈতিক কর্মসূচি হিসেবে জানার পর অনুমতি দেওয়া হয়নি।

জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, শিল্পকলা একাডেমিতে রাজনৈতিক অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া যায় না। এ কারণে সেখানে এনসিপির অনুষ্ঠান করার সুযোগ নেই বলে জানান তিনি।

এদিকে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহারের ফলে অনুষ্ঠান প্রতিহতের ঘোষণাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা আর থাকছে না বলে জানিয়েছে সংগঠনটি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!