ফেনীর ফাজিলপুরে দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে যাওয়া কাভার্ড ভ্যান। ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুরে সড়ক দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের ভেতরে প্রায় চার ঘণ্টা আটকে থাকা চালক মো. শামীমকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উদ্ধার অভিযান চালিয়ে তাকে নিরাপদে বের করে আনা হয়। পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ভোরে ফাজিলপুরের খাইয়ারা এলাকার জেনিথ পাম্পের বিপরীতে দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ২১ টন স্ক্র্যাপ ও লোহার মালামাল নিয়ে কাভার্ড ভ্যানটি ঢাকার কাঁচপুরের দিকে যাচ্ছিল। ফাজিলপুরে পৌঁছালে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের চাপে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি মহাসড়কের পাশে উলটে যায়।
দুর্ঘটনার সময় ভ্যানের সহকারী বেরিয়ে আসতে সক্ষম হলেও চালক শামীম ভেতরে আটকা পড়েন। পটুয়াখালীর দশমিনা উপজেলার ইদ্রিস আকনের ছেলে শামীমকে উদ্ধারের আগে ঘটনাস্থলের পাশ দিয়ে টহল দিচ্ছিল হাইওয়ে পুলিশের একটি দল। তারা উল্টে থাকা গাড়িটি দেখতে পেয়ে কাছে গেলে ভেতর থেকে শামীমের চিৎকার শুনতে পান।
চালক আটকা পড়ার বিষয়টি বুঝতে পেরে পুলিশ দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফেনী সদর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ হারুন পাশার নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
দুর্ঘটনায় কাভার্ড ভ্যানটি দুমড়েমুচড়ে যাওয়ায় চালককে বের করে আনতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়। প্রায় চার ঘণ্টার প্রচেষ্টার পর সকাল ৯টার দিকে শামীমকে জীবিত অবস্থায় ভ্যান থেকে বের করে আনা সম্ভব হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ফাজিলপুর হাইওয়ে থানার এসআই এম. এ. ইমরান হোসেন জানান, টহল দেওয়ার সময় পুলিশ সদস্যরা ভ্যানটি উল্টে থাকতে দেখে সেখানে যান। পরে ভেতর থেকে চালকের চিৎকার শুনে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ হারুন পাশা বলেন, ভ্যানটিতে ভারী লোহার মালামাল থাকায় এবং দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে। দীর্ঘ প্রচেষ্টার পর চালককে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!