যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

পাওনা টাকা চাইতে গিয়ে পিস্তল প্রদর্শনের অভিযোগ, কুমারখালীতে যুবক আটক

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ PM ৬৭
পাওনা টাকা চাইতে গিয়ে পিস্তল প্রদর্শনের অভিযোগ, কুমারখালীতে যুবক আটক

কুষ্টিয়ার কুমারখালীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক যুবক ওসমান প্রামাণিক। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ভয়ভীতি দেখানোর অভিযোগে ওসমান প্রামাণিক (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তার কাছ থেকে ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে আটকের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ওসমানকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, পাওনা টাকা নেওয়ার জন্য ওসমান ওই রাতে দুলাইভাই ইসমাইল শেখের বাড়িতে যান। সেখানে টাকা না পেয়ে তিনি পিস্তল দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর রাতেই ওসমান প্রামাণিকের বিরুদ্ধে কুমারখালী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে ওই যুবক তার দুলাভাইকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে অস্ত্রসহ আটক করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!