রাজবাড়ীর পাংশায় অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত
রাজবাড়ীর পাংশা উপজেলার চরঝিকড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীর পাংশায় অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকার বেড়িবাঁধে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা (৩০)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মঞ্জু তার সহযোগীদের নিয়ে চরঝিকড়ী বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় মঞ্জু ও শরীফকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে একটি সচল পাইপগান এবং দুইটি তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, মনজুর মিয়া মঞ্জুর বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। অন্যদিকে শরীফ মোল্লার বিরুদ্ধে দস্যুতা ও পুলিশের ওপর হামলাসহ চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মামলার পর দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!