যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলের

সখীপুরে শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে, আহত আরেক শিশু

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ PM ৪০
সখীপুরে শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে, আহত আরেক শিশু

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে আশরাফুল নামে সাড়ে ৩ বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মা আকলিমা বেগমের বিরুদ্ধে। একই ঘটনায় সিদরাতুল নামে ৮ বছরের আরেক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার খালিয়ার বাইদ এলাকার মুজিবনগর মোড়ে ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত আশরাফুল আকলিমা বেগমের সন্তান। আহত সিদরাতুল তার আগের স্বামীর ঘরের মেয়ে।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শাহীন মিয়া প্রায় ৩০ বছর আগে প্রথম বিয়ে করেন। ওই সংসারে সন্তান না থাকায় প্রথম স্ত্রীর উদ্যোগে তিনি পরে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমের ঘরেই আশরাফুলের জন্ম।

আকলিমা ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। কর্মস্থলের কারণে তিনি বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। ফলে আশরাফুলকে শাহীন মিয়ার প্রথম স্ত্রী নাসিমা লালন-পালন করতেন। শিশুটি নাসিমাকে ‘বড়মা’ বলে ডাকত। স্থানীয়দের ভাষ্য, নিজের মাকে সে ‘আন্টি’ বলে সম্বোধন করত।

স্থানীয় কয়েকজনের ধারণা, এ বিষয়টি নিয়ে আকলিমার মনে ক্ষোভ বা অভিমান তৈরি হয়ে থাকতে পারে। তবে শিশুকে হত্যার পেছনে এটিই কারণ কি না, তা এখনো নিশ্চিত নয়। পরিবারের সদস্যরাও জানিয়েছেন, আকলিমা ও শাহীন মিয়ার মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না।

শাহীন মিয়া বলেন, দীর্ঘ প্রায় ৩০ বছর পর তিনি একটি ছেলে সন্তান পেয়েছিলেন। সেই সন্তানকে তার দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি। একই ঘটনায় আকলিমার আগের স্বামীর ঘরের মেয়ে সিদরাতুলও গুরুতর আহত হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, ঘটনাস্থলটি সখীপুর ও ভালুকা থানার মধ্যবর্তী এলাকায়। ঘটনার পর আশরাফুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। শিশুটির মরদেহ বর্তমানে সেখানেই রয়েছে।

ওসি আরও জানান, নিরাপত্তা ও চিকিৎসার বিষয়টি বিবেচনায় শিশুটির মাকে সখীপুর থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

টাঙ্গাইল সখীপুর

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!