যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

রাজধানীর ২৫০ পয়েন্টে চেকপোস্ট, বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ PM ৫৯
রাজধানীর ২৫০ পয়েন্টে চেকপোস্ট, বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার পর নগরীর নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নও বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোট ২৫০টি পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব স্থানে যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি জানায়, এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গত ২৪ ঘণ্টার অভিযানে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৩৪ জন, ওয়ারীতে ৬৪ জন, মতিঝিলে ৭৬ জন, তেজগাঁওয়ে ৯২ জন, মিরপুরে ১২০ জন, গুলশানে ৩৭ জন এবং উত্তরা বিভাগে ৪৬ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগের অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় বিভিন্ন ধরনের অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। পুলিশের তথ্যমতে, উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে দুটি প্রিসিশন পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি গুলি, তিনটি চাপাতি, পাঁচটি চাকু এবং বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ।

এ ছাড়া ৫৩টি পেরেক, ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা ও ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। অভিযানে একটি গাড়ি, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ২০০ টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। এসব ফুটেজের মাধ্যমে ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ককটেল বিস্ফোরণ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!