যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, ‘জয় বাংলা’ স্লোগানের দাবি

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ PM ৪৮
সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, ‘জয় বাংলা’ স্লোগানের দাবি

গোপাল চরণ এলাকায় বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছড়িয়ে থাকা ককটেলের আলামত। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামে রোববার ভোরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৩০০ মিটারের মধ্যে চার মিনিটের ব্যবধানে বিস্ফোরণগুলো ঘটে। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনার দাবিও করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, প্রথম বিস্ফোরণটি ঘটে ভোর ৪টা ২৬ মিনিটে স্থানীয় জামায়াত নেতা প্রফেসর মো. আবু সোলায়মান সরকার সাজার বাড়ির গেটের কাছে। এরপর ৪টা ২৮ মিনিটে গোপাল চরণ উচ্চবিদ্যালয় মাঠে এবং দুই মিনিট পর ৪টা ৩০ মিনিটে আওয়ামী লীগ নেতা রেজার বাড়ির পাশের সড়কে আরেকটি বিস্ফোরণ হয়।

পরপর বিকট শব্দে আশপাশের মানুষের ঘুম ভেঙে যায়। পরে বাইরে এসে তাঁরা বিভিন্ন স্থানে বিস্ফোরণের আলামত দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো সংগ্রহ করে।

গোপাল চরণ বড়বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আতাউর রহমান জানান, ভোর ৫টার দিকে মসজিদে গিয়ে তিনি বিস্ফোরণের কথা জানতে পারেন। নামাজ শেষে ঘটনাস্থলে গিয়ে তিনি ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পান।

ঘটনার বিষয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা প্রফেসর মো. আবু সোলায়মান সরকার সাজা বলেন, বিস্ফোরণের শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। পরে বাড়ির বাইরে এসে বাউন্ডারি ওয়ালের পাশে বিস্ফোরিত ককটেলের আলামত দেখতে পান। তাঁর দাবি, বিস্ফোরণের সময় ‘জয় বাংলা’ স্লোগান শোনা গেছে। এ কারণে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জড়িত থাকার ধারণা প্রকাশ করেন। তবে এটি তাঁর অভিযোগ; পুলিশ এখনো কাউকে দায়ী করেনি।

অন্যদিকে অভিযোগটি প্রত্যাখ্যান করেছেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম সরকার লেবু। তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের কোনো কর্মকাণ্ডের নির্দেশনা দেওয়া হয়নি। ঘটনাটির সঙ্গে কারা জড়িত, সে সম্পর্কেও তাঁর কাছে কোনো তথ্য নেই।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

গাইবান্ধা সুন্দরগঞ্জ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!