যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

আইনি স্বীকৃতি ও পৃথক লেনসহ ব্যাটারিচালিত অটোরিকশার ৭ দাবি

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ PM ৫৮
আইনি স্বীকৃতি ও পৃথক লেনসহ ব্যাটারিচালিত অটোরিকশার ৭ দাবি

জাতীয় প্রেসক্লাবে ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ব্যাটারিচালিত অটোরিকশাকে সড়ক পরিবহন আইনের আওতায় এনে নিবন্ধন ও রুট পারমিট দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষের আয়ের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা সরাসরি যুক্ত। তাঁদের দাবি, প্রায় সাড়ে তিন কোটি মানুষের দৈনন্দিন যাতায়াতেও এই যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ঢাকা মহানগর ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবু বকর বলেন, প্রতিদিন ঢাকা মহানগরের ৮ থেকে ১৩টি প্রবেশপথ দিয়ে হাজার হাজার অটোরিকশা রাজধানীতে ঢোকে। এসব যান দিনভর চলাচল শেষে সন্ধ্যায় আবার ঢাকার বাইরে চলে যায়। তাঁর মতে, গাড়িগুলোর প্রবেশব্যবস্থা নিয়ন্ত্রণ করা গেলে রাজধানীর যানজট কমাতে সহায়তা করবে।

মালিক-শ্রমিকদের সাত দফার মধ্যে অটোরিকশাকে সরকারি নিবন্ধনের আওতায় আনা, রুট পারমিট দেওয়া এবং চালকদের লাইসেন্স প্রদানের বিষয়টি রয়েছে। পাশাপাশি বুয়েটের নকশা অনুসারে নিরাপদ ব্রেকিং ব্যবস্থা ও উপযুক্ত বডি কাঠামো নিশ্চিত করে পুরোনো অটোরিকশা আধুনিকায়নের সুযোগ চেয়েছেন তাঁরা। চালকদের জন্য বাধ্যতামূলক ট্রাফিক প্রশিক্ষণ চালুর দাবিও জানানো হয়েছে।

এ ছাড়া ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে কেন্দ্র করে দুটি অঞ্চলে অটোরিকশা চলাচল ব্যবস্থাপনার প্রস্তাব দেওয়া হয়েছে। সর্বোচ্চ ছয় লাখ অটোরিকশার লাইসেন্স বা সিলিং নির্ধারণ এবং প্রধান সড়কের পাশে এসব যান চলাচলের জন্য আলাদা ‘লো-স্পিড লেন’ তৈরির দাবিও রয়েছে।

চার্জিং ব্যবস্থায় বৈধ প্রিপেইড মিটার ব্যবহারের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে। একই সঙ্গে পরিবেশবান্ধব লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারে উৎসাহ প্রদান, চাঁদাবাজি বন্ধ এবং অযথা অটোরিকশা ডাম্পিং না করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সড়ক ব্যবস্থাপনা ও পরিবহন পরিকল্পনা প্রণয়নে মালিক-শ্রমিকদের প্রতিনিধিদের সম্পৃক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট সংগঠনগুলোকে আইনগতভাবে নিবন্ধনের সুযোগ দেওয়ার দাবিও তুলেছেন তাঁরা।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, দাবিগুলো বাস্তবায়নের দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে। একই কর্মসূচিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. সাইদুল মোল্লা এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ব্যাটারিচালিত অটোরিকশা সংবাদ সম্মেলন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!