যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০২:০৩ PM | সর্বশেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬, ০২:০৪ PM ৩৯
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

ধর্মঘটের কারণে সকাল থেকে হবিগঞ্জে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে বাস চলাচল নিয়ে দুই জেলার মালিক ও শ্রমিকদের বিরোধকে কেন্দ্র করে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ধর্মঘটের প্রভাবে হবিগঞ্জের পাশাপাশি মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জের যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন। এর মধ্যে শায়েস্তাগঞ্জ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করায় যান চলাচল আরও ব্যাহত হয়। আটকা পড়ে বিভিন্ন গন্তব্যের যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

হবিগঞ্জ মোটর গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, গত ২৪ সেপ্টেম্বর মৌলভীবাজারের মালিক-শ্রমিক নেতারা হবিগঞ্জ বিরতিহীন পরিবহনের তিনটি বাস আটকে দেন। এর পর থেকে মৌলভীবাজার রুটে হবিগঞ্জের বাস চলাচল বন্ধ রয়েছে। এ পরিস্থিতির প্রতিবাদেই অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধর্মঘটের সমর্থনে হবিগঞ্জ বাস মালিক সমিতির নেতাকর্মী ও শ্রমিকেরা শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতকারী অনেক মানুষ এতে আটকা পড়েন। নারী, শিশু ও বয়স্ক যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হয়।

আন্দোলনের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। তাঁদের বক্তব্য, মহাসড়ক অবরোধ করে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। দ্রুত প্রশাসনিক উদ্যোগে দুই পক্ষের বিরোধের সমাধান করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

আবু মঈন চৌধুরী সোহেল জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-সিলেট সড়কে বাস পরিচালনা করে আসছেন তাঁরা। তবে ২০২৫ সালের অক্টোবর থেকে মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের সঙ্গে বাস চলাচল নিয়ে বিরোধ শুরু হয়।

পরে জাতীয় সংসদের হুইপ জি কে গউছের হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয় এবং হবিগঞ্জের বাস আগের মতো চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান তিনি। তবে চলতি বছরের ১০ মে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই সেই সিদ্ধান্ত অগ্রাহ্য করে মৌলভীবাজারের এসএমএস মালিক-শ্রমিকেরা শেরপুর এলাকায় হবিগঞ্জের একটি বাস আটকে দেন। এ ঘটনার পর দুই জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে আবারও বিরোধ দেখা দেয়।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!