ছবি:সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৯) নামে এক পৌর কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকা-খুলনা মহাসড়কের রেজিস্ট্রি অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুস সামাদ কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার হাজিপুর মুন্দিয়া এলাকায়। তিনি কালীগঞ্জ পৌরসভায় কসাইখানা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বৈশাখী তেলপাম্প এলাকার একটি মাংসের দোকান পরিদর্শন শেষে মোটরসাইকেলে করে শহরের দিকে ফিরছিলেন আব্দুস সামাদ। উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের কাছে পৌঁছালে খুলনা থেকে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়।
বাসের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
কালীগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. কবীর হাচান জানান, নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে ওই সকালে মাংসের দোকান পরিদর্শনে বের হয়েছিলেন আব্দুস সামাদ। আগামী দুই মাসের মধ্যে তাঁর অবসরে যাওয়ার কথা ছিল।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঝিনাইদহে বাস দুর্ঘটনা বাস আটক
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!