যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে যুবদল সদস্যসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ PM | সর্বশেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ PM ৪৫
মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে যুবদল সদস্যসহ তিনজন আটক

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের নয়টিলা এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা। আটক ব্যক্তিদের একজন স্থানীয় যুবদলের সদস্য বলে সংগঠনটির একজন দায়িত্বশীল নিশ্চিত করেছেন। পরে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের নয়টিলা এলাকায়। স্থানীয়রা জানান, ওই এলাকায় রাতের পাহারায় থাকা লোকজন কয়েকজনকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে ঘিরে ফেলেন। এ সময় তিনজনকে আটক করা সম্ভব হলেও আরও কয়েকজন পালিয়ে যায়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নের আনোয়ার। অপর দুজন হলেন ফেনীর রাজনগর এলাকার বেলায়েত হোসেন (২৮) এবং করেরহাট ইউনিয়নের সামনেরখিল এলাকার মামুন (৩৩)।

বাগানবাজার ইউনিয়ন যুবদলের সদস্য সচিব লোকমান হোসেনের ভাষ্য অনুযায়ী, আনোয়ার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। তবে কোনো ব্যক্তির অপরাধমূলক কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না বলেও তিনি জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, নয়টিলা এলাকায় আগে থেকেই ডাকাতির অভিযোগ রয়েছে। এ কারণে স্থানীয় বাসিন্দারা রাতে পাহারা দিয়ে আসছিলেন। সেই পাহারার সময়ই সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয়।

খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানিয়েছেন, আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!