সংগৃহীত ছবি
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন তল্লাশির সময় ট্রাকের চাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন (৫৫) নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, রাতে ফতেহপুর এলাকায় এসআরবির একটি দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। সেটি থামার পর পেছন থেকে আসা একটি ট্রাক জোরে ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দায়িত্ব পালনরত আলমগীর হোসেনকে চাপা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হন আলমগীর। পরে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং চালক সজীব (৩০)ও আহত হন। সহকর্মীরা দুজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। সজীব বর্তমানে এসআরবির হেফাজতে চিকিৎসাধীন।
নিহত আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাকিয়া গ্রামের মৃত নূর উদ্দিন আহমেদের ছেলে। পাঁচ সন্তানের বাবা আলমগীর আগে সেনাবাহিনীতে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। মহিপাল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নোমান জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত দুটি যান উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
এসআরবি-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। চট্টগ্রামের এসআরবি কার্যালয়ে আলমগীর হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!