যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে ক্লাস বর্জন, শাস্তির দাবি

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩০ PM ৩৪
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে ক্লাস বর্জন, শাস্তির দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে ঘটনার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। বিভাগের পক্ষ থেকে জানানো হয়, হামলার প্রতিবাদে ওই দিন ক্লাস বর্জন করা হয়েছে। পাশাপাশি পরবর্তী করণীয় নির্ধারণে দুপুরে একাডেমিক কমিটির সভা আহ্বান করা হয়।

বিভাগের অধ্যাপক আল-আল মামুন বলেন, জুলাইয়ের পর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর এমন সহিংসতার ঘটনা প্রত্যাশিত ছিল না। তাঁর দাবি, ঘটনার আগে সংশ্লিষ্ট দুই পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরকে হুমকি দিলেও প্রশাসন গত দুই দিন কার্যকর পদক্ষেপ নেয়নি। এই নিষ্ক্রিয়তার সুযোগেই হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনভাবে সাংবাদিকতা করার পরিবেশ নষ্ট হলে সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হবে।

অধ্যাপক মশিহুর রহমান বলেন, তাঁর তিন দশকের শিক্ষকতা জীবনে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনা দেখেননি। তিনি হামলায় জড়িতদের বিরুদ্ধে অগ্রাধিকার ভিত্তিতে মামলা করে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে অপরাধ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ছাত্রত্ব বাতিলসহ শাস্তির কথাও বলেন তিনি।

সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দারও হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, গণমাধ্যম সংস্কারের পরিবর্তে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির বিভিন্ন ঘটনা ঘটছে। ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গ তুলে ধরে তিনি রাবিতে ঘটে যাওয়া ঘটনাটিকেও এর ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন।

বিভাগের সভাপতি মোজাম্মেল হোসেন বকুল বলেন, শিক্ষার্থীরা যখন হামলায় আহত হয়ে কষ্ট পাচ্ছেন, তখন প্রতিবাদ জানাতে তাদের মানববন্ধনে দাঁড়াতে হয়েছে। এ কারণে ওই দিন বিভাগের ক্লাস বর্জন করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে একাডেমিক কমিটির সভাও ডাকা হয়েছে বলে জানান তিনি।

বিভাগের শিক্ষার্থী ফারজানা তন্বি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে। তাঁর দাবি, দিনের মধ্যে প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তাদের পদত্যাগ করা উচিত। শিক্ষার্থীদের সামনে হামলার ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ইরফান তামিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক দীন ইসলামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু সালেহ শোয়েব।

এর আগে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!