ছবি : সবুজ নিশান
গাইবান্ধা ও লালমনিরহাটে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ বোতল এসকাফ সিরাপ ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টা ২০ মিনিটে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার বগুড়া-রংপুর মহাসড়কের আতিয়ার হাজীর বিল্ডিং এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে রংপুরগামী ‘শানে খোদা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাসের যাত্রী মো. ছামিউল হক (৩৮)-এর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছামিউল হক গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা (মন্ডলপাড়া) এলাকার বাসিন্দা।
অন্যদিকে, একই দিন সকাল ৬টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-১৩ রংপুর সদর কোম্পানির একটি দল। অভিযানে মো. ফয়জার আলীর ছেলে মো. খাইরুল ইসলামের (২২) বাড়ির সামনে ইটের খোয়ার ভেতর থেকে ৩৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, একই এলাকায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে মৃত আব্দুল মতিনের ছেলে মো. খাইরুল ইসলামের (৪৮) বাড়িতে তল্লাশি চালিয়ে বসতঘরের খাটের নিচ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআরবি-১৩ জানিয়েছে, এসব ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধে এসআরবি-১৩-এর গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!