ছবি:সংগৃহীত
কিশোরগঞ্জে মাদক শনাক্তকরণ পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় জেলা পুলিশের ড্রাইভার কনস্টেবল মো. ওসমান গনিকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কনস্টেবল ওসমান গনির আচরণ ও গতিবিধি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সন্দেহ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁকে নজরদারিতে রাখা হয়। পরে জেলা পুলিশের সিদ্ধান্তে মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে তাঁর ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষার প্রতিবেদনে পজিটিভ ফল আসে।
পরীক্ষার ফল পাওয়ার পরই তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ। পাশাপাশি তিনি কী ধরনের মাদক সেবন করেছেন এবং এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ডোপ টেস্টে পজিটিভ ফল আসায় ওসমান গনিকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সার্বিক দিক খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এ নীতি পুলিশ সদস্যদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। পুলিশ সদস্যদের কেউ মাদকের সঙ্গে জড়িত কি না, তা নিশ্চিত করতে সন্দেহভাজনদের ডোপ টেস্ট করানো হচ্ছে।
তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
কিশোরগঞ্জ জেলা পুলিশ পুলিশ কনস্টেবল বরখাস্ত
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!