ছবি: সংগৃহীত
রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদরাসা উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে একটি পুকুর থেকে রাফসান বিন আব্দুল্লাহ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর শাহ মখদুম ইনস্টিটিউট লাইব্রেরিসংলগ্ন পুকুরে তাঁর মরদেহ পাওয়া যায়।
রাফসান রাজশাহী নগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার বাসিন্দা। তাঁর বাবা মৃত আব্দুল্লাহ জাকি রুবেল। পরিবারের তথ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন রাফসান।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রাফসান নিয়মিত ওই মাঠে খেলাধুলা করতেন। তিনি সাঁতার জানতেন না বলেও তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার সকালে খেলাধুলার পর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশের প্রাথমিক সুরতহালে মরদেহের শরীরে দৃশ্যমান অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান গাজিউর রহমান। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাজশাহী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!