যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

খুলনার তেরখাদায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, দুই ঘণ্টা বন্ধ ছিল বাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ PM ৩৫
খুলনার তেরখাদায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, দুই ঘণ্টা বন্ধ ছিল বাজার

ছবি:সংগৃহীত

খুলনার তেরখাদা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কাটেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে কেউ হতাহত হয়েছেন—এমন খবর পাওয়া যায়নি। ঘটনার পর প্রায় দুই ঘণ্টা বাজারের কার্যক্রম বন্ধ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাইয়ের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবিরের ছেলের কথাকাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে দুই পক্ষের লোকজন কাটেঙ্গা বাজার এলাকায় জড়ো হন।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বাজার এলাকায় উত্তেজনা তৈরি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ থামে এবং বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তৎপরতার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনার পর নিরাপত্তাজনিত পরিস্থিতিতে কাটেঙ্গা বাজার প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারের কার্যক্রম পুনরায় চালু হয়।

খুলনার রাজনৈতিক সংঘর্ষ তেরখাদায় সংঘর্ষ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!