যুক্তরাষ্ট্র   সোমবার ২৬ অক্টোবর ২০২৬,১০ কার্তিক ১৪৩৩

ঢাকার কনসার্টে জেমসের সঙ্গী হচ্ছেন আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ড

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ PM ৯২
ঢাকার কনসার্টে জেমসের সঙ্গী হচ্ছেন আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ড

নগর বাউল জেমস ও পাকিস্তানের শিল্পীরা। ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ঢাকার মঞ্চে একসঙ্গে দেখা যেতে পারে বাংলাদেশ ও পাকিস্তানের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পীকে। নগর বাউল জেমসের সঙ্গে একই কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে পাকিস্তানের আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। ‘রেডমি নোট সেভেনটিন সিরিজ প্রেজেন্টস এমএএইচএক্স (ম্যাক্স) রিপাবলিক’ নামের এই আয়োজন করছে টিকিফাই ও ম্যাক্স রিপাবলিক।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে কনসার্টটি হবে। ভেন্যুটি রাজধানীর ৩০০ ফুটসংলগ্ন এলাকায়। দুপুর ২টা থেকে মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। চলতি সপ্তাহেই টিকিফাইয়ের ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হবে।

আয়োজকেরা জানিয়েছেন, জেমস, আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের বাইরে বাংলাদেশের লেভেল ফাইভ ও নেমেসিসের সঙ্গেও পারফরম্যান্সের বিষয়ে আলোচনা চলছে। শিল্পী ও ব্যান্ডের তালিকা চূড়ান্ত হওয়ার পর পূর্ণ লাইনআপ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আলী আজমতের জন্য এবারের আয়োজনটি বিশেষ গুরুত্ব বহন করছে। জুনুন ব্যান্ডের সদস্য হিসেবে এর আগে দুইবার বাংলাদেশে গান গেয়েছেন তিনি। তবে একক শিল্পী হিসেবে ঢাকায় এবারই প্রথম কনসার্ট করার কথা তার। গত বছরের মে ও নভেম্বরে ঢাকায় তার দুটি আলাদা অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও অনুমতি জটিলতায় শেষ পর্যন্ত দুটিই বাতিল হয়। এমনকি নভেম্বরের অনুষ্ঠানকে সামনে রেখে তিনি ঢাকায় এসেও পৌঁছেছিলেন।

মুস্তাফা জাহিদের ক্ষেত্রেও ঢাকায় অনুষ্ঠান বাতিলের অভিজ্ঞতা রয়েছে। গত বছরের এপ্রিলে বাংলাদেশে এসে শেষ পর্যন্ত মঞ্চে উঠতে পারেননি তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় নিজের ক্ষোভ ও হতাশার কথা জানিয়েছিলেন পাকিস্তানি এই গায়ক।

জাল ব্যান্ডও এর আগে ঢাকায় এসে একাধিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছে। গত বছরের ৮ নভেম্বর ৩০০ ফুটের স্বদেশ অ্যারেনায় তাদের কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনুষ্ঠানের এক দিন আগে সেটি স্থগিত করা হয়।

এরও আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছিল জাল। বৃষ্টির কারণে নির্ধারিত দিনের অনুষ্ঠান পিছিয়ে পরদিন যমুনা ফিউচার পার্কে আয়োজন করা হয়। তবে দর্শকদের বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠানটি মাঝপথে বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায় দেড় ঘণ্টা পর আবার কনসার্ট শুরু হয়।

অন্যদিকে আন্তর্জাতিক কনসার্ট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেমস। প্রায় দুই মাসের ইউরোপ সফর শেষে ১২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে পারফর্ম করেছেন নগর বাউল। সেখানে তার সঙ্গে একই মঞ্চে ছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ফসিলসের প্রধান রূপম ইসলাম। আগামী ১৯ সেপ্টেম্বর মেলবোর্নেও গান পরিবেশনের কথা রয়েছে জেমসের।

জেমস

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!