সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সেপ্টেম্বরের শেষদিকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগের টিকাদান কার্যক্রমের বাইরে থেকে যাওয়া শিশুদের মধ্যে বর্তমানে হাম শনাক্তের হার বেশি বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, হাম নিয়ন্ত্রণে শুধু শহর নয়, দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলোতেও টিকা কার্যক্রম চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, বিশেষ কর্মসূচির জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে সরকার। রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের অন্যান্য জেলায় এরই মধ্যে হামের টিকা দেওয়া হয়েছে। যেসব শিশু আগের কর্মসূচিতে টিকা পায়নি, তাদের শনাক্ত করে নতুন কর্মসূচির আওতায় আনার কাজও চলছে।
হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন বিভাগ ঘুরে রোগীদের চিকিৎসাসেবা, সুযোগ-সুবিধা এবং হাসপাতালের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। পরে চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
স্বাস্থ্য খাতে দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে পরিবর্তন এসেছে দাবি করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, এ সময়ে তিনি ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন এবং সেখানে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পেয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি আগামী সাত কর্মদিবসের মধ্যে নিশ্চিত করার কথাও জানান তিনি।
চিকিৎসাসেবার মান উন্নয়নের পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এ জন্য চিকিৎসকদের সুরক্ষায় একটি আইন প্রণয়নের কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।
দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের ঘাটতি কমাতে আগামী তিন মাসের মধ্যে বড় পরিসরে নিয়োগ দেওয়া হবে বলেও জানান সরদার মো. সাখাওয়াত হোসেন।
কল্যাণমন্ত্রী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!