যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

হামের টিকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরকার, ৫ মাসে পেয়েছে প্রায় ২ কোটি শিশু

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ PM ৬০
হামের টিকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরকার, ৫ মাসে পেয়েছে প্রায় ২ কোটি শিশু

দেশে চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচি। ফাইল ছবি

দেশজুড়ে চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচিতে গত পাঁচ মাসে প্রায় দুই কোটি শিশু টিকা পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এ সংখ্যা ১০ শতাংশেরও বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের মার্চের শেষদিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ধাপে ধাপে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করা হয়। প্রথম পর্যায়ে ৫ এপ্রিল ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি ভিত্তিতে টিকা দেওয়া শুরু হয়। এরপর ১২ এপ্রিল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে দ্বিতীয় ধাপের কর্মসূচি চালু হয়। তৃতীয় ধাপে ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে হাম-রুবেলার টিকাদান শুরু করা হয়।

কর্মসূচিটি এখনো চলমান রয়েছে। এর মধ্যেই দেশে হামের সংক্রমণ অব্যাহত থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শিশুদের টিকাদানে আবারও বড় পরিসরে ক্যাম্পেইন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য বিভাগের ভাষ্য, নতুন এ উদ্যোগের উদ্দেশ্য হলো টিকার আওতার বাইরে থাকা কোনো শিশুকে বাদ না দেওয়া।

প্রাথমিকভাবে সারা দেশে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। কিন্তু ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টিকা পেয়েছে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ শিশু। ফলে লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের হার দাঁড়িয়েছে ১০৯ দশমিক ৮ শতাংশ।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি শিশু টিকা পেয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। ঢাকা বিভাগে টিকা পেয়েছে ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ শিশু এবং চট্টগ্রামে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ জন। এ ছাড়া রাজশাহীতে ২২ লাখ ১৩ হাজার ১৯৭, রংপুরে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮, খুলনায় ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯, ময়মনসিংহে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬, সিলেটে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ এবং বরিশালে ১১ লাখ ১০ হাজার ৬৯৮ শিশু টিকা পেয়েছে।

সিটি করপোরেশনগুলোর তথ্যেও টিকাদানের উল্লেখযোগ্য চিত্র পাওয়া গেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮ এবং ঢাকা দক্ষিণে ৪ লাখ ১৮ হাজার ৯৭২ শিশু টিকা নিয়েছে। চট্টগ্রাম সিটিতে এ সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৮৭০ এবং গাজীপুরে ২ লাখ ৬ হাজার ৯২৭।

এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে ৪৮ হাজার ৬৪৩, বরিশালে ৪৪ হাজার ১১৯, খুলনায় ৯৬ হাজার ৭৯২, নারায়ণগঞ্জে ৮৩ হাজার ৬৯৭, সিলেটে ৭২ হাজার ৩৪৯, রাজশাহীতে ৬৩ হাজার ৫৯, ময়মনসিংহে ৬২ হাজার ৩০৫ এবং রংপুরে ৮২ হাজার ২৫৩ শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, শিশুদের টিকাদান একটি চলমান কার্যক্রম। তবে ২৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী নতুন করে বড় পরিসরে টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে সরকারের বাড়তি উদ্যোগ হিসেবে। এর প্রধান লক্ষ্য হলো কোনো শিশুই যেন টিকা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হয়।

হাম রুবেলা টিকাদান কর্মসূচি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!