যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

রামেকে এক দিনে ২৯ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ১

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ PM ৫৩
রামেকে এক দিনে ২৯ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ১

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে রামেকে ডেঙ্গু আক্রান্ত ১০৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ২৫ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে প্রতিদিন রোগী ভর্তি ও ছাড়পত্র নেওয়ার কারণে হাসপাতালে মোট রোগীর সংখ্যা কিছুটা পরিবর্তিত হচ্ছে।

মৃত আব্দুল করিম চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গা বটতলা এলাকার বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন। হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর রাত ১০টা ৪৫ মিনিটে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের নথিতে তাঁর মৃত্যুর কারণ হিসেবে সন্দেহজনক ডেঙ্গুজনিত হৃদ্‌পেশির প্রদাহের কারণে হৃদ্‌যন্ত্রের স্পন্দনে অস্বাভাবিকতা এবং পরবর্তী সময়ে আকস্মিক হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ জানান, এক দিনে ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হলেও ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাঁর পরামর্শ, জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা, চোখের পেছনে ব্যথা, বমি বা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তিনি বলেন, ডেঙ্গু শনাক্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত পর্যবেক্ষণে থাকা জরুরি। শুরুতেই রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া হলে ঝুঁকি মোকাবিলা করা সহজ হয়।

রামেক হাসপাতালে শুধু রাজশাহী নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও ডেঙ্গু আক্রান্তরা চিকিৎসা নিতে আসছেন। এর আগে ২০ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন ১০৫ জন ডেঙ্গু রোগীর মধ্যে রাজশাহীর ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৭ জন, নওগাঁ ও নাটোরের সাতজন করে, পাবনার পাঁচজন এবং অন্যান্য জেলার চারজন ছিলেন।

এদিকে নগরীতে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে পরিচ্ছন্নতা কার্যক্রম ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে রাজশাহী সিটি করপোরেশন। প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নাগরিকদেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

তিনি নগরবাসীকে বাড়ির ছাদ, ফুলের টব, পুরোনো টায়ার, ড্রাম ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। পাশাপাশি নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত স্থাপনাতেও জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!