ছবি:সংগৃহীত
দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৯ জনে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ জনে।
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৮৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৭৮ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৫০৫ জন। বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানের মধ্যে এরপর রয়েছে সিলেট বিভাগে ২০০ জন, চট্টগ্রামে ১০৭ জন, রাজশাহীতে ৯৩ জন, ময়মনসিংহে ৮৮ জন, বরিশালে ৬৬ জন, খুলনায় ৫২ জন এবং রংপুরে ১৭ জন।
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
হামের উপসর্গে মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!