ছবি:সংগৃহীত
বঙ্গোপসাগরে অবৈধ কাঠের বডির ট্রলিং জলযান দিয়ে মাছ শিকার বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা ট্রলার মালিক ও জেলে পরিবারের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অনুমোদনহীন কাঠের বডির ট্রলিং জলযানে ছোট ফাঁসের জাল ব্যবহার করে নির্বিচারে মাছ ধরা হচ্ছে। এতে ছোট-বড় সব ধরনের মাছ ও মাছের পোনা জালে আটকা পড়ছে। বিক্রির উপযোগী মাছ রেখে অবশিষ্ট মাছ মেরে ফেলা হচ্ছে, যা সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের জন্য হুমকি তৈরি করছে।
তাঁদের দাবি, এভাবে মাছ আহরণের ফলে বঙ্গোপসাগরে মাছের সংখ্যা কমে যাচ্ছে। এর প্রভাব পড়ছে সাধারণ জেলেদের জীবিকা ও আয়ের ওপর। অব্যাহতভাবে এ ধরনের মাছ শিকার চলতে থাকলে ভবিষ্যতে সাগরে মাছের সংকট আরও তীব্র হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন বগা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম আমানী এবং জেলে আক্কাস আলী, সাইদুল মোল্লা, নজরুল ইসলাম ও আশারেফ মোল্লাসহ অন্যরা।
ইব্রাহিম আমানী বলেন, একসময় বঙ্গোপসাগরে প্রচুর মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে মাছের পরিমাণ কমে যাচ্ছে। ট্রলিংয়ের মাধ্যমে ছোট মাছ ও পোনা ধ্বংস হওয়ায় সাধারণ জেলেরা আর্থিক সংকটে পড়ছেন। এতে দেশের মৎস্যসম্পদও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, অবৈধ ট্রলিং বন্ধের পাশাপাশি এ পদ্ধতিতে আহরণ করা মাছের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করতে হবে। যেসব বাজারে এসব মাছ বিক্রি হয়, সেসব বাজারেও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান তিনি।
মানববন্ধনে অংশ নেওয়া জেলে ও ব্যবসায়ীরা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ, সামুদ্রিক মাছের পোনা রক্ষা এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বাগেরহাটের জেলে
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!