যুক্তরাষ্ট্র   সোমবার ২৬ অক্টোবর ২০২৬,১০ কার্তিক ১৪৩৩

নিয়োগের ফল প্রকাশের দাবিতে কলকাতায় পুলিশের চাকরিপ্রার্থীদের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৫:৩৯ PM | সর্বশেষ আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ০৫:৪১ PM ৮২
নিয়োগের ফল প্রকাশের দাবিতে কলকাতায় পুলিশের চাকরিপ্রার্থীদের মিছিল

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে কলকাতার রাজপথে বিক্ষোভ করেছেন কয়েক হাজার চাকরিপ্রার্থী। সোমবার (৩১ আগস্ট) শিয়ালদহ থেকে ধর্মতলার চৌমাথা পর্যন্ত মিছিল করেন তাঁরা।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা চাকরিপ্রার্থীরা মিছিলে অংশ নেন। তাঁদের দাবি, নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই এবং সাক্ষাৎকার শেষ হলেও এখনো চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়োগপ্রক্রিয়া আটকে থাকায় তাঁরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। সামনে দুর্গাপূজা থাকায় দ্রুত ফল প্রকাশ করে উৎসবের আগেই নিয়োগ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তাঁরা।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার ছিল। সেখানে দ্রুত ফল প্রকাশ এবং পূজার আগেই পুলিশের পোশাক পরার আকাঙ্ক্ষার কথা তুলে ধরা হয়।

বড় মিছিলের কারণে কলকাতার ধর্মতলা এলাকায় যান চলাচল ব্যাহত হয়। ওই চত্বর কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় তৈরি হয় যানজট। এতে সাধারণ মানুষ ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।

চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।

আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য ২০২৪ সালে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

এরপর ২০২৫ সালের নভেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের শারীরিক সক্ষমতার পরীক্ষায় অংশ নিতে হয়। সফল প্রার্থীদের ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়।

চাকরিপ্রার্থীদের দাবি, সাক্ষাৎকার শেষ হওয়ার পরও নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ হয়নি।

তাঁদের আরও দাবি, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নিয়োগপ্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নির্বাচন শেষ হলে ফল প্রকাশ ও নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দেওয়া হলেও মে মাসে নির্বাচনের ফল প্রকাশের পরও কয়েক মাস পেরিয়ে গেছে।

আন্দোলনকারীদের অভিযোগ, আগস্ট শেষ হয়ে সেপ্টেম্বর শুরু হলেও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি।

উত্তর ২৪ পরগনার হাবরার চাকরিপ্রার্থী সৌমেন বিশ্বাস বলেন, দুর্গাপূজার আগেই নিয়োগপ্রক্রিয়া শেষ করা উচিত। পূজার সময় পুলিশের পোশাক পরে দায়িত্ব পালনের ইচ্ছার কথাও জানান তিনি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!