যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

নেপালের বন্যা পরিস্থিতিতে সাংবাদিকদের জন্য নতুন নিরাপত্তা বিধি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ PM ৮৮
নেপালের বন্যা পরিস্থিতিতে সাংবাদিকদের জন্য নতুন নিরাপত্তা বিধি

নেপালের বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা। ফাইল ছবি

নেপালের বন্যাকবলিত ও উদ্ধার কার্যক্রম চলমান এলাকাগুলোতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য নতুন নিরাপত্তা বিধি জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে ভোতেকোশি ও ত্রিশূলী নদীর আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করতে যাওয়া বিদেশি সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রেডিটেশন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি হিমবাহ ধসে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৩০০-এর বেশি মরদেহ উদ্ধারের পাশাপাশি ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রোববার নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বন্যা পরিস্থিতিতে সাংবাদিকদের কাজের নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় নতুন একটি প্রটোকল দিয়েছে। এতে সংবাদকর্মীদের বৈধ প্রেস পরিচয়পত্র সঙ্গে রাখার পাশাপাশি নিরাপত্তা ও উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

নির্ধারিত চলাচলের পথ ও বিধিনিষেধ অনুসরণ করাও বাধ্যতামূলক করা হয়েছে। কোনো এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলে সাংবাদিকদেরও সেই নির্দেশ মেনে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। অনুমতি ছাড়া সক্রিয় উদ্ধার অভিযান এলাকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ধারকাজে বিঘ্ন সৃষ্টি করা কিংবা নিষিদ্ধ ও সীমিত অপারেশন এলাকায় প্রবেশ করা যাবে না।

নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম না করার নির্দেশও দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে কাজ করার সময় নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণ করতে হবে বলে প্রটোকলে জানানো হয়েছে।

হিমালয় সীমান্ত এলাকা থেকে নেমে আসা পানির স্রোতে ভোতেকোশি নদীর তীরবর্তী বহু ঘরবাড়ি, যানবাহন, সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত বা ভেসে গেছে। বন্যার প্রভাবে কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতির মুখে পড়েছে।

বন্যাকবলিত এলাকায় বিদেশি সাংবাদিকদের কাজের ক্ষেত্রে অতিরিক্ত নিয়ম আরোপ করেছে নেপালের তথ্য ও সম্প্রচার বিভাগ। ৩ সেপ্টেম্বর জারি করা নোটিশ অনুযায়ী, ভোতেকোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী এলাকায় সংবাদ সংগ্রহের আগে বিদেশি সাংবাদিকদের অনলাইনে প্রেস অ্যাক্রেডিটেশন এবং সাংবাদিক পরিচয়পত্রের জন্য আবেদন করতে হবে।

আবেদনের সঙ্গে পাসপোর্টের কপি, বৈধ ভিসা বা প্রবেশের অনুমতিপত্র এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার বিভাগে দেওয়া সুপারিশপত্র জমা দিতে হবে। এর পাশাপাশি নিজ দেশের দূতাবাস, কনস্যুলার অফিস অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশপত্রও প্রয়োজন হবে।

নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত প্রেস অ্যাক্রেডিটেশন ও সাংবাদিক পরিচয়পত্রের মেয়াদ সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত থাকবে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করতে আগ্রহী বিদেশি সংবাদকর্মীদের মাঠে যাওয়ার আগে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নেপাল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!