চীনের কিংদাও বন্দরে মেরামতের জন্য নোঙর করা কার্গো জাহাজে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত
চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে মেরামতের জন্য নোঙর করা একটি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে থাকা জাহাজটিতে আগুন লাগে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অগ্নিকাণ্ডের সময় জাহাজটিতে ৪২ জন ছিলেন। আগুন লাগার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর দুপুর আড়াইটার মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ১২ জনকে নিরাপদে জাহাজ থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রকাশিত ছবিতে জাহাজটির নাম ‘ওশান মেলোডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভেসেলফাইন্ডারের তথ্য অনুযায়ী, এটি লাইবেরিয়ার পতাকার অধীনে চলাচল করছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জাহাজের কর্মীদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা গেছে।
গত ৩১ আগস্ট মেরামতের জন্য জাহাজটি কিংদাও বন্দরে পৌঁছায়। এর আগে সেটি জিয়াংসু প্রদেশ থেকে উত্তরের দিকে যাত্রা করেছিল। পরিকল্পনা অনুযায়ী আগামী রোববার জাহাজটির কিংদাও বন্দর ছাড়ার কথা ছিল। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে দ্রুত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। তিনি দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নের পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন।
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং উদ্ধারকারী দলগুলোকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার পর যাতে দ্বিতীয় কোনো বিপর্যয় না ঘটে, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। কর্মক্ষেত্রে থাকা বিভিন্ন ঝুঁকি শনাক্ত করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
বেইহাই শিপবিল্ডিং চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের (সিএসএসসি) অধীন রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান কার্যক্রমের মধ্যে জাহাজ নির্মাণ ও মেরামত রয়েছে। সিএসএসসি বিশ্বের অন্যতম বৃহৎ জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান।
এদিকে এক মাসেরও কম সময়ের মধ্যে চীনের কোনো জাহাজ নির্মাণকেন্দ্রে এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে ১৩ আগস্ট দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের একটি জাহাজ নির্মাণ কারখানায় বিস্ফোরণে এক দমকলকর্মী নিহত হন। তাইওয়ান প্রণালির অপর পারে অবস্থিত ফুজিয়ান চীনের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি।
কার্গো জাহাজ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!