যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

জাভা সাগরে নিখোঁজ জাহাজের ১০৩ আরোহী জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ PM ৪৫
জাভা সাগরে নিখোঁজ জাহাজের ১০৩ আরোহী জীবিত উদ্ধার

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাভা সাগরে বৈরী আবহাওয়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া যাত্রীবাহী জাহাজ ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’-এর ১০৩ জন আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের সময় আরও একজনের মরদেহ পাওয়া গেছে। তবে জাহাজটিতে থাকা অন্য যাত্রী ও ক্রুদের মধ্যে যারা এখনো নিখোঁজ, তাদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।

রোববার সকালে পূর্ব জাভার সুরাবায়া বন্দর থেকে কালিমানথান প্রদেশের বানজারমাসিনের দিকে যাওয়ার সময় জাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ওই সময় জাহাজে যাত্রী ও ক্রু মিলিয়ে ২৪৩ জন ছিলেন।

বানজারমাসিন উপকূল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থানের সময় জাহাজটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে বলে জানা যায়। খবর পাওয়ার পর ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জাহাজটির সর্বশেষ অবস্থান চিহ্নিত করে সেখানে হেলিকপ্টার ও বিশেষ উদ্ধারকারী নৌযান পাঠায়।

উদ্ধার তৎপরতায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সমুদ্রের উত্তাল অবস্থা। সংশ্লিষ্ট কর্মকর্তা সুদায়ানা জানান, সেখানে প্রায় আড়াই মিটার উচ্চতার ঢেউয়ের মধ্যেই উদ্ধারকারীদের কাজ করতে হচ্ছে।

পরিস্থিতির ঝুঁকি তুলে ধরে তিনি বলেন, জাহাজ চলাচলের জন্য সমুদ্রের অবস্থা অত্যন্ত বিপজ্জনক। এমনকি ৪০ মিটার দীর্ঘ বাসারনাসের উদ্ধারকারী জাহাজকেও প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে।

নিখোঁজদের সন্ধানে সমুদ্র এলাকায় এখনো ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধারকারী দল জীবিতদের নিরাপদে সরিয়ে নেওয়ার পাশাপাশি নিখোঁজ যাত্রী ও ক্রুদের অবস্থান শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াত এবং পণ্য পরিবহনে নৌপথের গুরুত্ব অনেক। দেশটিতে আকস্মিক খারাপ আবহাওয়া এবং নৌযানের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার কারণে মাঝেমধ্যেই বড় ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটে।

ইন্দোনেশিয়া জাভা সাগর

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!