যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের

লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ PM ৭২
লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

লস অ্যাঞ্জেলেসে বিধ্বস্ত সংবাদ সংগ্রহের হেলিকপ্টার; ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একটি সড়ক দুর্ঘটনার খবর সংগ্রহের সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম এনবিসি লস অ্যাঞ্জেলেস জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি তাদের ‘নিউজচপার৪’। একই উড়োজাহাজ টেলিমুন্ডো ৫২-এর জন্যও সংবাদ সংগ্রহের কাজ করত।

জানা গেছে, চ্যাটসওয়ার্থ এলাকায় একটি মেট্রো বাস ও একটি গাড়ির প্রাণঘাতী সংঘর্ষের খবর সংগ্রহ করছিল হেলিকপ্টারটি। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে দুটি বাণিজ্যিক ভবনের মাঝের একটি এলাকায় সেটি ভেঙে পড়ে।

দুর্ঘটনার ঠিক আগ পর্যন্ত হেলিকপ্টার থেকে ঘটনাস্থলের সরাসরি সম্প্রচার চলছিল। সম্প্রচারে উড়োজাহাজটির নিচের দিকে নেমে আসার দৃশ্যও দেখা যায়। এর কিছুক্ষণ আগে সতর্কতামূলক শব্দ শোনা যাওয়ার পর সম্প্রচার বন্ধ হয়ে যায়।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, একটি গাড়ি পার্কিংয়ের এলাকায় হেলিকপ্টারটি আছড়ে পড়ে। এতে সেখানে রাখা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় চারটি গাড়ি ও দুটি স্টোরেজ কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৫০ জনের বেশি দমকলকর্মী পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এখন পর্যন্ত হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে।

দুর্ঘটনাটি তদন্তে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) যুক্ত হতে পারে বলে জানানো হয়েছে।

নিহত ও আহতদের পরিচয় সম্পর্কে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলেস চ্যাটসওয়ার্থ হেলিকপ্টার দুর্ঘটনা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!