যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

আফগান ভূখণ্ডে হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ PM ৫৮
আফগান ভূখণ্ডে হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি তালেবানের

ছবি:সংগৃহীত

আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক হামলা হলে তা প্রতিহত করা হবে বলে সতর্ক করেছে দেশটির তালেবান সরকার।

আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের কোনো উদ্যোগ নেওয়া হলে নিজেদের ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, পাকিস্তান যদি আফগানিস্তানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয় বা দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তাহলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে আফগানিস্তান।

এর আগে একই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র অভিযোগ করেন, পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি) সদস্যরা আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে।

পাকিস্তানের এই অভিযোগের জবাবে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগান ভূখণ্ডে টিটিপির কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি পাকিস্তানকে নিজেদের নিরাপত্তা সমস্যার সমাধানে অভ্যন্তরীণ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তালেবান সরকারের এই মুখপাত্রের দাবি, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী তৎপরতা এবং টিটিপির কার্যক্রম তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার আগ থেকেই বিদ্যমান।

তবে দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে আফগানিস্তান বলে জানান জাবিহুল্লাহ। তিনি পাকিস্তানের সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ ক্ষেত্রে সৌদি আরবকে মধ্যস্থতার ভূমিকা পালনের অনুরোধও জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, সৌদি আরব দুই দেশেরই ঘনিষ্ঠ দেশ হওয়ায় আলোচনার মাধ্যমে বিরোধ নিরসনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

পাকিস্তান হামলা আফগান ভূখণ্ড

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!