কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের প্রতিবাদে ভারতের বিভিন্ন শহরে বিজেপির বিক্ষোভ। ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের করা এক মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। খাড়গের পদত্যাগ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে নয়াদিল্লি, মুম্বাই, পাটনা, রাঁচি, কলকাতা, জম্মু ও বেঙ্গালুরুসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন দলটির নেতা-কর্মীরা।
সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার বিহারের পাটনায় একটি অনুষ্ঠানে মোদিকে নিয়ে বক্তব্য দিতে গিয়ে খাড়গে ‘মোদি কা বাপ ভি জায়েগা’ মন্তব্য করেন। ওই বক্তব্যের পর বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।
বিক্ষোভের অংশ হিসেবে বিহার ও জম্মুতে বিজেপি কর্মীরা খাড়গের কুশপুত্তলিকা ও পোস্টারে আগুন দেন। অন্যদিকে, বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজন করা হয় বড় আকারের প্রতিবাদ সমাবেশ। বিজেপির পক্ষ থেকে মন্তব্যটিকে প্রধানমন্ত্রীর প্রতি অসম্মানজনক হিসেবে তুলে ধরে খাড়গের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
ঘটনার নিন্দা জানিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, মন্তব্যটি অত্যন্ত কষ্টদায়ক। তাঁর ভাষ্য, দেশের অন্যতম পুরোনো রাজনৈতিক দলের জাতীয় সভাপতি এমন বক্তব্য দিয়েছেন—এ বিষয়টি পরিস্থিতিকে আরও গুরুতর করেছে। রাজনাথের অভিযোগ, বক্তব্যের জন্য অনুশোচনা প্রকাশের বদলে কংগ্রেস সেটিকে যৌক্তিক প্রমাণ করার চেষ্টা করছে।
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীও খাড়গের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, কংগ্রেসের নেতারা হতাশা থেকে এমন বক্তব্য দিচ্ছেন এবং এ ধরনের মন্তব্য ভারতের সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী। তাঁর মতে, প্রয়াত ব্যক্তি বা জনজীবনের বাইরে থাকা কারও প্রসঙ্গ টেনে আনা রাজনৈতিক হতাশারই প্রকাশ।
তবে বিজেপির সমালোচনার জবাবে খাড়গের ছেলে ও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে বলেন, বিজেপি নেতারা অতীতে মোদি ও অমিত শাহের করা মন্তব্যগুলো উপেক্ষা করছেন। তাঁর বক্তব্য, কংগ্রেসের বিজেপির কাছ থেকে সংস্কৃতি শেখার প্রয়োজন নেই।
এদিকে বিরোধী জোট ইন্ডিয়ার শরিক রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সংসদ সদস্য মনোজ ঝা খাড়গের মন্তব্যের সমালোচনা করলেও এ ঘটনায় প্রতিক্রিয়ার ভিন্নতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, অতীতে বিজেপি নেতারা সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে মন্তব্য করার সময় সংবাদমাধ্যম কিংবা অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একই ধরনের ক্ষোভ দেখা যায়নি।
খাড়গের বক্তব্যকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্কে দুই পক্ষের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। বিজেপি যেখানে ক্ষমা প্রার্থনা ও পদত্যাগের দাবি তুলেছে, সেখানে কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির অতীত বক্তব্যের প্রসঙ্গ সামনে আনা হয়েছে।
বিজেপি মল্লিকার্জুন খাড়গে
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!