যুক্তরাষ্ট্র   সোমবার ২৬ অক্টোবর ২০২৬,১০ কার্তিক ১৪৩৩

যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ, পরদিন মিলল শিক্ষার্থীর মরদেহ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ PM ৯
যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ, পরদিন মিলল শিক্ষার্থীর মরদেহ

সিরাজগঞ্জের এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় যমুনা নদী থেকে উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয়ছাত্র শাহরিয়ার নুর হোসেন জিসানের মরদেহ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর স্পার বাঁধ ঘাটে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে যমুনা নদীতে নিখোঁজ হওয়া শাহরিয়ার নুর হোসেন জিসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার পরদিন সোমবার সকালে ঘটনাস্থলের কাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। জিসানের বয়স ছিল ২৩ বছর।

পুলিশের তথ্য অনুযায়ী, রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান জিসান। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজী রফিক সড়কের বাসিন্দা আলী আকবরের ছেলে। জিসান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, রোববার দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ শহরের বন্ধু জাহিদ হাসান আঁচলসহ পাঁচজন এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় বেড়াতে যান। পরে আঁচল ছাড়া বাকি চারজন যমুনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে জিসান পানিতে তলিয়ে গেলে বন্ধুরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন, তবে সফল হননি।

খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাত সাড়ে ৯টা পর্যন্ত তল্লাশি চালিয়েও জিসানের সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে আবারও অভিযান শুরু করেন ডুবুরিরা। এ সময় ঘটনাস্থলের পাশেই তাঁর মরদেহ ভেসে উঠলে সেটি উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ যমুনা নদী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!