যুক্তরাষ্ট্র   সোমবার ২৬ অক্টোবর ২০২৬,১০ কার্তিক ১৪৩৩

এনসিপির প্রবাসী কার্যক্রমে নেতৃত্বে আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৪ PM ৮
এনসিপির প্রবাসী কার্যক্রমে নেতৃত্বে আসিফ মাহমুদ

এনসিপির ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপপ্রধান মনিরা শারমিন। ছবি: সংগৃহীত

প্রবাসে দলের কার্যক্রম সমন্বয় ও প্রবাসী কল্যাণমূলক উদ্যোগ জোরদার করতে ডায়াস্পোরা বিষয়ক উপকমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এই কমিটিতে প্রধানের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপপ্রধান করা হয়েছে মনিরা শারমিনকে। সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন এবং আলমগীর চৌধুরী আকাশ। এ ছাড়া নুরুল হুদা জুনেদকে প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক করা হয়েছে।

দলটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে উপকমিটিটি গঠন করা হয়েছে। প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, বিভিন্ন উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রবাসী কল্যাণসংক্রান্ত কাজকে সুসংহত করাই এ কমিটি গঠনের উদ্দেশ্য।

নতুন উপকমিটির মাধ্যমে প্রবাসে দলীয় কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের পাশাপাশি প্রবাসীদের কল্যাণসংশ্লিষ্ট উদ্যোগগুলো আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে দলটি। তবে কমিটির কার্যক্রম শুরুর সময়সূচি বা পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

জাতীয় নাগরিক পার্টি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মনিরা শারমিন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!