যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

কেশবপুরে নারীকে চাপা দিয়ে মাদ্রাসার ভবনে বাস, নিহত ১

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ PM | সর্বশেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ PM ৭৭
কেশবপুরে নারীকে চাপা দিয়ে মাদ্রাসার ভবনে বাস, নিহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসা ও এতিমখানার ভবনে ঢুকে পড়া বাস। ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় রোকেয়া বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পথচারী ওই নারীকে চাপা দেওয়ার পর যাত্রীবিহীন একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসা ও এতিমখানার ভবনের সামনের অংশে ঢুকে পড়ে।

নিহত রোকেয়া বেগম মধ্যকুল গ্রামের বাসিন্দা রেজাউল ইসলামের স্ত্রী। পরিবারের সদস্যদের ভাষ্য, ফজরের নামাজের পর প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন তিনি। এ সময় যশোরগামী স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল আনুমানিক ৬টার দিকে বাসটি যাত্রী ছাড়াই যশোরের দিকে যাচ্ছিল। মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে পৌঁছালে সড়কের বাঁ পাশে থাকা রোকেয়া বেগমকে বাসটি ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ডান পাশে থাকা মাদ্রাসা ও এতিমখানা ভবনের সামনের অংশে আঘাত করে ভেতরে ঢুকে যায়।

দুর্ঘটনার সময় বাসের সহকারী মানিক ফকির আহত হন। পরে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক গোলাম মোস্তফা জানান, বাসের ধাক্কায় ভবনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে প্রতিষ্ঠানের বেশ ক্ষতি হয়েছে। দুর্ঘটনার সময় মাদ্রাসায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী অবস্থান করছিল। তবে তাদের কেউ আহত হয়নি।

কেশবপুর থানার ওসি রোকসোনা খাতুন জানান, দুর্ঘটনার ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।

কেশবপুর

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!