যুক্তরাষ্ট্র   সোমবার ২৬ অক্টোবর ২০২৬,১০ কার্তিক ১৪৩৩

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ AM ৬৮
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট

ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আবারও বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। পানি দ্রুত বাড়তে থাকায় রাঙামাটি জেলার বিভিন্ন এলাকায় বাড়িঘর প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জলকপাট খুলে পানি বের করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

এর আগে গত ২৯ আগস্ট পানির উচ্চতা ১০৬ দশমিক ১ ফুট এমএসএলে পৌঁছালে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছিল। তখন প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরে পানির পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে গেট খোলার পরিমাণ বাড়ানো হয়।

একপর্যায়ে প্রতিটি জলকপাট ৩ ফুট পর্যন্ত খোলা হলে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়েছিল। পরে হ্রদের পানির উচ্চতা কমে আসায় গেটগুলো বন্ধ করে দেওয়া হয়।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমানে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা রয়েছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে গেটগুলো বন্ধ করা হবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!