যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ PM ৮৮
বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

বাবুগঞ্জের শিকারপুর সেতুর ঢালে বাসের ধাক্কায় নিহত রেহানা বেগম। ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় রেহানা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের শিকারপুর সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেহানা বেগম বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাসিরউদ্দিনের স্ত্রী। তিনি চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের আপন ফুফাতো বোন বলেও জানা গেছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রেহানা বেগম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল লাবিবা কোম্পানির ‘আহনাফ পরিবহন’ নামের একটি বাস। বাসটি তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর রাকুদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকরা আহত নারীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসটির চালক, হেলপার ও সুপারভাইজার ঘটনাস্থলে না থেকে বাসটি এয়ারপোর্ট থানার কামিনী পেট্রোল পাম্প এলাকায় রেখে পালিয়ে যান। পরে পুলিশ বাসটি আটক করে।

রেহানা বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নিরাপদ সড়ক ও দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রাকুদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা বরিশাল-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ বাসটি আটক করার পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন। ওসি মিজানুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার ঘটনায় বাসের চালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা তদন্তের পর স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল বাবুগঞ্জ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!