যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

প্রবাসীদের জন্য দুঃসংবাদ দিলো সৌদি আরব!

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:১৭ PM | সর্বশেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৩০ PM ২২১

সৌদি আরবে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান আরও বিস্তৃত করতে মার্কেটিং ও বিক্রয় খাতে নতুন নিয়োগনীতি ঘোষণা করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব খাতে সৌদি নাগরিক নিয়োগের হার বাড়িয়ে ন্যূনতম ৬০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।


এই সিদ্ধান্তের আওতায় বেসরকারি খাতের অন্তত ১৮টি পেশায় সৌদি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট খাতে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিক—বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলোর কর্মীরা—কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।


মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব বেসরকারি প্রতিষ্ঠানে তিন বা তার বেশি কর্মী রয়েছে, সেসব প্রতিষ্ঠানের মার্কেটিং সংশ্লিষ্ট পদে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দিতে হবে। এই তালিকায় রয়েছে—মার্কেটিং ও বিজ্ঞাপন ব্যবস্থাপক, বিজ্ঞাপন প্রতিনিধি, মার্কেটিং বিশেষজ্ঞ, গ্রাফিক ও বিজ্ঞাপন ডিজাইনার, জনসংযোগ কর্মকর্তা এবং আলোকচিত্রীসহ বিভিন্ন পেশা।


এ ছাড়া এসব পদের জন্য ন্যূনতম মাসিক বেতন ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা ঘোষণার তিন মাস পর থেকে এটি কার্যকর হবে।


একইভাবে বিক্রয় খাতেও ৬০ শতাংশ সৌদিকরণ নীতি বাস্তবায়ন করা হবে। এর আওতায় পড়বে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ সরঞ্জাম বিক্রয় বিশেষজ্ঞ এবং কমার্শিয়াল স্পেশালিস্টসহ একাধিক পদ। এই খাতেও তিন মাসের সময়সীমা শেষে নতুন নিয়ম কার্যকর হবে।


সৌদি মানবসম্পদ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো শ্রমবাজারকে আরও প্রতিযোগিতামূলক করা, সৌদি নাগরিকদের জন্য মানসম্মত চাকরির সুযোগ সৃষ্টি এবং কর্মসংস্থানে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!