ইতালির নাগরিকত্ব আইনে পরিবর্তনের ফলে উপকৃত হবেন অভিবাসীরা। ছবি: সংগৃহীত
অভিবাসীদের স্বপ্নের দেশ ইতালিতে বহুল আলোচিত নাগরিকত্ব আইনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন এই ব্যবস্থায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চলতি মাসে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের বাজেটের অংশ হিসেবে নাগরিকত্ব আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের আওতায় নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় ডিজিটাল সুবিধা যুক্ত করা হচ্ছে, যা আবেদনকারীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাবে।
প্রবাসী বাংলাদেশিসহ ইতালিতে বসবাসরত অভিবাসীরা বলছেন, নতুন এই পরিবর্তনের ফলে আমলাতান্ত্রিক জটিলতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ফাইল নিষ্পত্তিতে যেখানে আগে কয়েক বছর সময় লাগত, সেখানে এখন ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, ইতালিতে ডিজিটাল ট্রান্সফরমেশন কার্যক্রম শুরু হওয়ার পর চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই অভিবাসীরা এর পূর্ণাঙ্গ সুবিধা পেতে পারেন।
নাগরিকত্ব আইনে কী কী সুবিধা আসছে
দ্রুত ফাইল নিষ্পত্তি
আগে নাগরিকত্ব সংক্রান্ত ফাইল এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে ঘুরতে দীর্ঘ সময় লেগে যেত। নতুন ব্যবস্থায় এনপিআর (ন্যাশনাল পপুলেশন রেজিস্টার) এর মাধ্যমে সব তথ্য ডিজিটাল সিস্টেমে সংরক্ষিত থাকবে। ফলে আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে যাচাই প্রক্রিয়া শুরু হবে।
দীর্ঘ ১০ বছরের অপেক্ষার কার্যকর মূল্যায়ন
যারা ইতালিতে টানা দীর্ঘ সময় বৈধভাবে বসবাস করে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের জট কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তথ্য যাচাই করা হবে। এতে অকারণে ফাইল পড়ে থাকার সম্ভাবনা কমে যাবে।
বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্য বড় সুযোগ
২০২৬ সালের নতুন বাজেট আইনে বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। পাশাপাশি এ বছরের ১ জানুয়ারি থেকে এ ধরনের অনেক ঘোষণায় ২৫০ ইউরো ফি মওকুফ করা হয়েছে।
ইতালি সরকারের ‘ইতালিয়া ডিজিটাল ২০২৬’ প্রকল্পের আওতায় আগামী জুনের মধ্যে এই নাগরিকত্ব সিস্টেম পুরোপুরি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর ফলে আবেদনকারীরা স্মার্টফোন ব্যবহার করে SPID বা CIE এর মাধ্যমে তাদের আবেদনের প্রতিটি ধাপ লাইভ ট্র্যাক করতে পারবেন। এর আগে এই সুবিধা পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে চালু ছিল।
স্থানীয় অভিবাসীরা বলছেন, নতুন করে যারা ইতালিতে আসতে চান কিংবা সিজনাল ভিসার মাধ্যমে নিয়ম মেনে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই আইন একটি বড় সুযোগ তৈরি করেছে।
ইতালি সরকার এখন দক্ষ ও বৈধ অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব দিয়ে দেশটির মূলধারায় যুক্ত করতে আগ্রহী বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইতালি নাগরিকত্ব অভিবাসী খবর ইউরোপ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!