ইরানের সঙ্গে সমঝোতা না হলে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটির ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র চাইলে এক ঘণ্টার মধ্যেই যেকোনো সময় ওই স্থাপনায় সামরিক অভিযান চালাতে পারে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে গেলে পিকঅ্যাক্স স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে হতে পারে। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা রয়েছে এবং প্রয়োজন হলে খুব অল্প সময়ের মধ্যেই সেখানে হামলা চালানো সম্ভব।
ইরানের সঙ্গে আবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সম্ভাবনাটি নাকচ করেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তেহরান চুক্তিতে না পৌঁছালে সংঘাত নতুন করে শুরু হতে পারে। তবে ইরান সমঝোতায় আগ্রহী এবং দুই পক্ষের মধ্যে চুক্তি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প জানান, সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানই তাঁর পছন্দ। একটি চুক্তিতে পৌঁছানো গেলে বহু মানুষের প্রাণহানি এড়ানো সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ট্রাম্পের এই বক্তব্যের কিছুক্ষণ আগে হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের বিরুদ্ধে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকির পর ওই অভিযান চালানো হয় বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। মার্কিন সামরিক বাহিনী হামলাটিকে ‘প্রতিরক্ষামূলক’ হিসেবে বর্ণনা করেছে।
ডোনাল্ড ট্রাম্প ইরান যুক্তরাষ্ট্র
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!