ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। ছবি: সংগৃহীত
ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মোহাম্মদ আমিরের খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে সেই জল্পনায় পানি ঢেলেছেন পাকিস্তানের সাবেক এই পেসার নিজেই। স্পষ্ট জানিয়েছেন, আইপিএলে অংশ নেওয়ার খবর সত্য নয় এবং আসন্ন নিলামের জন্যও নাম নিবন্ধন করবেন না তিনি।
সম্প্রতি নতুন নাগরিকত্ব পাওয়ার পর আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) নাম নিবন্ধন করেন আমির। এরপর ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে তাঁর আইপিএলে খেলার সম্ভাবনা নিয়ে খবর প্রকাশিত হয়। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে খেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও ব্রিটিশ নাগরিকত্বের কারণে আমিরের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে—এমন আলোচনা ছড়িয়ে পড়ে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আমির বিষয়টি পরিষ্কার করেন। সেখানে তিনি জানান, আইপিএল নিয়ে প্রচারিত খবর সঠিক নয়। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকেও তিনি বলেছেন, আইপিএলের নিলামে অংশ নিতে নিজের নাম নিবন্ধন করবেন না।
পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণে সীমাবদ্ধতা থাকলেও অতীতে ভিন্ন নাগরিকত্বের কারণে একজন পাকিস্তানি ক্রিকেটারের খেলার নজির রয়েছে। সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ ইংল্যান্ডের নাগরিক হিসেবে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে খেলেছেন। এ সময়ে তিনি কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন।
আমিরের ক্ষেত্রেও ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আইপিএলে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। তবে তাঁর নিজের বক্তব্য অনুযায়ী, আপাতত এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই।
মোহাম্মদ আমির আইপিএল আইপিএল নিলাম
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!