আন্তর্জাতিক উন্নয়ন, মানবাধিকার ও সুশাসনবিষয়ক বিশেষজ্ঞ ড. এ এইচ মনজুরুল কবীর। ছবি: সবুজ নিশান
বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের (বিলিয়া) নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক উন্নয়ন, মানবাধিকার ও আইনের শাসনবিষয়ক বিশেষজ্ঞ ড. এ এইচ মনজুরুল কবীর। গত ১ নভেম্বর ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
আন্তর্জাতিক পর্যায়ে তার কর্মজীবনের বিস্তৃতি দুই দশকেরও বেশি। ২৪ বছরের বেশি সময় ধরে তিনি আন্তর্জাতিক উন্নয়ন, বৈদেশিক নীতি, মানবাধিকার আইন, সুশাসন, কৌশলগত নেতৃত্ব এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নসংক্রান্ত নীতি ও কর্মসূচি নিয়ে কাজ করেছেন।
বিলিয়ায় যোগ দেওয়ার আগে ড. মনজুরুল কবীর জাতিসংঘের নারী সংস্থা ইউএন উইমেনের লাইবেরিয়া ও পশ্চিম আফ্রিকা অঞ্চলের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং অফিসপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জাতিসংঘের নিউইয়র্ক সদর দপ্তরেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেখানে জেন্ডার সমতা, ইন্টারসেকশনালিটি ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সিনিয়র ইউএন সিস্টেম কো-অর্ডিনেশন অ্যাডভাইজার এবং গ্লোবাল টিম লিডার হিসেবে কাজ করেন তিনি।
এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে মানবাধিকার, আইনের শাসন, বিচারব্যবস্থা ও নিরাপত্তা খাত সংস্কার নিয়ে উচ্চপর্যায়ের দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ সদর দপ্তরে সিনিয়র পলিসি অ্যাডভাইজার হিসেবেও কাজ করেছেন তিনি। এ সময় এশিয়া-প্যাসিফিক অঞ্চল, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) বিষয়ক কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
তার পেশাগত অভিজ্ঞতার পরিধিতে এশিয়া-প্যাসিফিকের পাশাপাশি ইউরোপ, মধ্য এশিয়া, পূর্ব ও দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানও রয়েছে। এসব অঞ্চলে ইউএনডিপির সদর দপ্তর ও বিভিন্ন পর্যায়ে সিনিয়র গভর্ন্যান্স অ্যাডভাইজার এবং প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন ড. কবীর।
শিক্ষাজীবনেও আইন ও আন্তর্জাতিক রাজনীতিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন তিনি। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হাল থেকে রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। এর আগে ইউনিভার্সিটি অব এসেক্স থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইনে ডিস্টিংশনসহ এলএলএম ডিগ্রি অর্জন করেন। এ ক্ষেত্রে তিনি চেভেনিং স্কলার ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (সম্মান) ডিগ্রিও অর্জন করেন তিনি।
আন্তর্জাতিক আইন, মানবাধিকার, নীতি গবেষণা ও সুশাসন নিয়ে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা বিলিয়ার ভবিষ্যৎ কার্যক্রমে কাজে লাগবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে গবেষণার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে তার অভিজ্ঞতা ভূমিকা রাখতে পারে।
বিলিয়া ড. এ এইচ মনজুরুল কবীর নতুন পরিচালক আন্তর্জাতিক মানবাধিকার জাতিসংঘ আইনের শাসন সুশাসন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!