যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬,২৮ কার্তিক ১৪৩৩

IEB Election 2026

IEB এর নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ, প্রায় ৪ হাজার ব্যালট পেপার পাওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ AM ১৪
IEB এর নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ, প্রায় ৪ হাজার ব্যালট পেপার পাওয়ার দাবি

আইইবি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ, প্রায় ৪ হাজার ব্যালট পাওয়ার দাবি

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ২০২৭-২৮ মেয়াদের নির্বাচনে ভোট কারচুপি ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর রমনায় আইইবি ভবনের একটি কক্ষে দরজা বন্ধ করে নির্দিষ্ট প্যানেলের পক্ষে ব্যালটে ভোট দেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন প্রকৌশলী।

অভিযোগকারীদের দাবি, ভবনের ষষ্ঠ তলার একটি কক্ষে হলুদ প্যানেলের সমর্থনে ব্যালটের নির্দিষ্ট স্থানে বৃত্ত ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ, নির্বাচন কমিশনের সদস্য ও কয়েকজন প্রকৌশলী সেখানে উপস্থিত হন। পরে কক্ষটিতে বিপুলসংখ্যক পূরণ করা ব্যালট পাওয়া যায় বলে দাবি করা হয়। উপস্থিত প্রকৌশলী ও গণমাধ্যমকর্মীদের তথ্য অনুযায়ী, ব্যালটের সংখ্যা আনুমানিক চার হাজার।

এ সময় কক্ষের বাইরে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে হলুদ প্যানেলের কয়েকজন সমর্থকের ধাক্কাধাক্কি ও হট্টগোলের অভিযোগও উঠেছে। অভিযোগকারীরা দাবি করেন, পরে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তবে উদ্ধার হওয়া ব্যালটের প্রকৃত সংখ্যা, উৎস এবং সেগুলো কীভাবে ওই কক্ষে পৌঁছেছে, তা এখনো যাচাই করা হয়নি।

নির্বাচনে ব্যালট সংকটের অভিযোগও করেছেন ভোটাররা। তাদের দাবি, হেডকোয়ার্টার ও ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের অনেক ভোটার প্রয়োজনীয় ব্যালট পাননি। দীর্ঘ সময় অপেক্ষা করেও ভোট দিতে না পেরে অনেকে ফিরে গেছেন।

এ ছাড়া ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো এবং ভাইস চেয়ারম্যান (একাডেমিক) পদে প্রার্থিতা প্রত্যাহার নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন প্রকৌশলী। তাদের অভিযোগ, ২৭ জন প্রার্থীর মধ্যে ২৬ জনকে চাপ প্রয়োগ করে প্রার্থিতা প্রত্যাহার করানো হয়েছে। পরে প্রকৌশলী গালিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

তবে ভোট কারচুপির অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মো. সেলিম ভূঁইয়া। কালবেলাকে তিনি বলেন, নির্বাচনে সব প্রার্থীর এজেন্ট ছিলেন এবং জাল ভোট দেওয়ার সুযোগ ছিল না। ব্যালট সংকট বা নির্দিষ্ট কক্ষে ব্যালটে ভোট দেওয়ার বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি বলেও জানান।

ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর বিষয়ে তাঁর বক্তব্য, দীর্ঘ লাইনে থাকা ভোটাররা যেন ভোট দিতে পারেন, সে জন্য সময় বাড়ানো হয়েছে।

নির্বাচন ঘিরে ওঠা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিযোগকারী প্রকৌশলীরা।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!