ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দেশটিতে যাওয়ার আগে পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।
সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা করার সময় ভ্রমণকারীদের নিজেদের খরচ বহনের মতো পর্যাপ্ত অর্থের ব্যবস্থা থাকা জরুরি।
বার্তায় বিশেষভাবে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিতে সম্ভাব্য ব্যয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে। দূতাবাস জানিয়েছে, ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে বা চিকিৎসার প্রয়োজন হলে যেন ভ্রমণকারীরা নিজেদের আর্থিক দায়িত্ব নিজেরাই বহন করতে পারেন।
মার্কিন দূতাবাস আরও সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা কিংবা কর্মসংস্থানের সুযোগের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে।
দূতাবাসের এই বার্তা এমন সময়ে এসেছে, যখন বাংলাদেশ থেকে বিভিন্ন উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, শিক্ষা ও কর্মসংস্থানের জন্য আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্য। ভ্রমণকারীদের ভিসার শর্ত মেনে চলা এবং সফরের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুধু ভিসা পাওয়াই যথেষ্ট নয়; ভ্রমণকালীন খরচ, স্বাস্থ্যঝুঁকি এবং স্থানীয় আইন সম্পর্কে আগাম ধারণা থাকাও গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্র মার্কিন দূতাবাস বিদেশ ভ্রমণ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!