যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে পুলিশে হামলার মামলায় বগাসহ চারজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০২:৫২ PM ১৫
চট্টগ্রামে পুলিশে হামলার মামলায় বগাসহ চারজন রিমান্ডে

পুলিশের ওপর হামলার মামলায় আদালতে হাজির করা হয় ওয়াকিল হোসেন বগাকে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাসহ চার আসামিকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২ নভেম্বর) সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া অপর তিন আসামি হলেন রকি হোসেন পিচ্চি, মনির হোসেন ইমন ও আবুল হাসান ওরফে কালা হাসান। মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় করা মামলায় ওয়াকিল হোসেন বগাসহ ১২ জন এজাহারভুক্ত আসামির রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত চারজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্য আটজনের আবেদন নাকচ করা হয়েছে।

রিমান্ড না পাওয়া আসামিরা হলেন রবিন, সাকিব হাসান, দেলোয়ার হোসেন, শাকিল, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, সোহেল ও আবুল কাসেম।

মামলার বিবরণ অনুযায়ী, গত সেপ্টেম্বরে পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের অভিযোগে করা মামলায় বগাকে প্রধান আসামি করা হয়। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালালে তাঁর অনুসারীরা সড়ক অবরোধ করেন এবং পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খুলশী থানায় মামলা করে।

চট্টগ্রামের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা বগা দীর্ঘদিন পুলিশের নাগালের বাইরে ছিলেন। গত ১৮ অক্টোবর হত্যা, হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে করা একটি মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি চট্টগ্রাম কারাগারে রয়েছেন।

পুলিশের অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার পিসিপিআরের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে বগার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। চলতি বছরের জুনে সরকারি জায়গা দখল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে প্রকাশ্যে গোলাগুলির ঘটনার পর তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়। ওই ঘটনার পর ৮ জুন তাঁকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।

গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলশী থানার ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় হৃদয় নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া কিশোরেরা একটি কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে। ওই গ্যাং পরিচালনায় বগার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। হৃদয় হত্যা মামলায় পুলিশ তাঁকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছে।

এর আগে গত ৬ অক্টোবর চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে বগার অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযোগ রয়েছে, ভবনের ভেতরে থাকা মেয়র শাহাদাত হোসেনের হস্তক্ষেপের পর তাঁকে গ্রেপ্তার না করেই পুলিশ ফিরে যায়। এ ঘটনার পর অভিযান পরিচালনাকারী খুলশী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিমের সমালোচনা করেন মেয়র। কয়েক ঘণ্টা পর তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

ওয়াকিল হোসেন বগা চট্টগ্রামে পুলিশের ওপর হামলা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!