জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিরসনে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মতে, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডের মাধ্যমে শ্রমিক কিংবা মালিক—কোনো পক্ষেরই অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। বরং এসব ঘটনায় শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে শফিকুর রহমান উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে পোশাকশিল্পকে ঘিরে অস্থিরতা অব্যাহত রয়েছে। কারখানা ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার মতো ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।
জামায়াত আমিরের ভাষ্য, কোনো মালিক বা শ্রমিকই প্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের দাবি আদায় করতে পারবেন না। সাধারণ শ্রমিকেরা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত নন বলেও তিনি বিশ্বাস করেন। তাঁর আশঙ্কা, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী কিছু ব্যক্তি পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা ঠেকাতে সরকারকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
পোস্টে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণার কথাও উল্লেখ করেন শফিকুর রহমান। তাঁর মতে, শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে যে ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হয়, চলমান অস্থিরতায় তা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতির পেছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
পরিস্থিতি মোকাবিলায় মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। একই সঙ্গে শিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সরকারকে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
শফিকুর রহমান জামায়াতে ইসলামী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!