যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

আশুলিয়ায় ভ্যানে আগুন, শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তেজনা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ PM ১৯
আশুলিয়ায় ভ্যানে আগুন, শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তেজনা

আশুলিয়ার নিশ্চিন্তপুরে হা-মীম গ্রুপের কারখানার সামনে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় হা-মীম গ্রুপের একটি কারখানার সামনে আগুন দেওয়া হলে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়। একই সময়ে বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি বৃদ্ধি, ছাঁটাই বন্ধ এবং কালো তালিকাভুক্ত না করা। এসব দাবিতে সোমবার সকাল থেকে কয়েকটি কারখানায় কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা। শিল্প পুলিশ ও কারখানা সূত্র জানায়, সকালে বাড়ইপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নেন একদল শ্রমিক। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ সেখানে গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

নিশ্চিন্তপুরে নিউ এজ গ্রুপের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ দিলেও উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা কারখানা থেকে বেরিয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন। এর কিছুক্ষণ পর সকাল ১১টার দিকে হা-মীম গ্রুপের কারখানার সামনে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কসহ আশপাশের কয়েকটি স্থানে অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীদের কেউ কেউ। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শ্রমিক অসন্তোষের কারণে নিট এশিয়া, আল-মুসলিম, ট্রাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ সোমবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। ছুটির পর শ্রমিকেরা সড়কে নেমে এলে পুলিশ তাঁদের বাধা দেয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

নিউ এজ গ্রুপের এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, রোববারের আন্দোলনের পর তাঁদের কারখানার দুই শ্রমিককে আটক করা হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তাঁরা একযোগে কারখানা থেকে বেরিয়ে আসেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। নিউ এজের দুই শ্রমিককে আটকের প্রতিবাদেও উত্তেজনা ছড়ায়। শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনের মধ্যে গ্রেপ্তারের ঘটনাকে তিনি নিন্দনীয় বলে মন্তব্য করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সকালে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে শ্রমিকেরা অবস্থান নিয়েছিলেন। পরে তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিউ এজের একজন শ্রমিককে আটকের বিষয়টিও তিনি নিশ্চিত করেন।

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ কাভার্ড ভ্যানে আগুন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!