সালমান খান। সংগৃহীত ছবি
বলিউড তারকা সালমান খানের বহুল আলোচিত সিনেমা ‘মাতৃভূমি’ অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির পথে এগিয়েছে। দীর্ঘদিন আটকে থাকার পর ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ছবিটিকে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে।
২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডার কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হন।
শুরুতে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। চলতি বছরের এপ্রিলে মুক্তির পরিকল্পনা থাকলেও প্রথম টিজার প্রকাশের পর ছবিটি নিয়ে বিতর্ক তৈরি হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ অভিযোগ করেছিল, সিনেমাটিতে ঘটনাকে বিকৃত করে চীনবিরোধী মনোভাব উসকে দেওয়া হয়েছে।
বিষয়টি কূটনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে উঠলে সিনেমাটির মুক্তি আটকে যায়। পরে পরিচালক অপূর্ব লাখিয়া সরকারি নির্দেশনা ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে চিত্রনাট্যে বড় ধরনের পরিবর্তন আনেন। ছবিটির প্রায় ৪০ শতাংশ দৃশ্য নতুন করে ধারণ করা হয় এবং নামও বদলে রাখা হয় ‘মাতৃভূমি’।
পরিমার্জিত সংস্করণে সামরিক সংঘাতের পাশাপাশি ভারত ও চীনের সম্পর্কের ইতিবাচক দিককে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিনেমাটির প্রদর্শনের জন্য এনওসি দেয়।
‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদনের পর সিনেমাটি এখন ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের (সিবিএফসি) ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।
চলতি মাসে সিবিএফসির অনুমোদন পাওয়া গেলে আগামী ১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘মাতৃভূমি’। এই তারিখটি রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ মুক্তির এক সপ্তাহ পর। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!